মোসাদ্দেক হোসেন, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত নরসিংদী জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতি’র ২০২৬-২০২৭ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে আল-ফিকহ অ্যান্ড ল বিভাগের শিক্ষার্থী মো. সোহরাব উদ্দিন আহম্মেদকে সভাপতি এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের রাজীব সাহাকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
বুধবার (১ এপ্রিল) সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন কমিটির তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের সম্মানিত উপদেষ্টা অধ্যাপক ড. মুর্শিদ আলমের অনুমোদনক্রমে এবং সাবেক তিন সভাপতি— আল-আমিন, অমিত হাসান রাহিত ও মোয়াজ্জেম হোসেন আদনানের সম্মতিক্রমে আগামী এক (০১) বছরের জন্য এই নতুন কমিটি গঠন করা হয়েছে। সভাপতি ও সাধারণ সম্পাদকের পাশাপাশি কমিটিতে সহ-সভাপতি, সাংগঠনিক সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে একাধিক মেধাবী শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করা হয়েছে।নবগঠিত এই কমিটি নরসিংদী জেলার শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ, পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি, শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
দায়িত্ব পেয়ে নবনির্বাচিত সভাপতি মো. সোহরাব উদ্দিন আহম্মেদ বলেন, “নরসিংদী জেলার শিক্ষার্থীদের কল্যাণে এই সংগঠনকে আরও কার্যকর ও গতিশীল করে তুলতে আমরা কাজ করবো। সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।”
অন্যদিকে নবদায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাজীব সাহা বলেন, “সকলকে সাথে নিয়ে ভ্রাতৃত্ব, সহযোগিতা ও মানবিক কার্যক্রমকে এগিয়ে নিতে চাই। সংগঠনকে একটি শক্তিশালী ও শিক্ষাবান্ধব প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”


















