আলী হোসেন ( কুমারখালী ) কুষ্টিয়াঃ মাজলিসুল মুফাসসিরিন সংগঠনের কুষ্টিয়ার অর্থ সম্পাদক ও জামায়াতে ইসলাম মনোনীত খোকসা উপজেলার জয়ন্তীহাজরা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী, ইসলামীক চিন্তাবিদ, সমাজসেবক শেখ সাইদুল ইসলাম সাঈদ নিখোঁজ হয়েছেন।

নিখোঁজ জামায়াত নেতা সাইদুল ইসলাম সাঈদের সন্ধানের দাবিতে ২১ অক্টোবর মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া শহরের কোর্টপাড়াস্থ শহর জামায়াতে ইসলামীর স্থানীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন নিখোঁজ জামায়াত নেতার পরিবার।
এসময় লিখিত বক্তব্য পাঠ করেন নিখোঁজ জামায়াত নেতার স্ত্রী সাদিয়া ইসলাম। তিনি জানান, ১৯ অক্টোবর রবিবার সকাল ৮ টার দিকে শেখ সাইদুল ইসলাম ট্রেনযোগে খোকসা থেকে জয়পুরহাটের উদ্দেশ্যে রওনা দেন। তিনি সেখানে একটি ধর্মীয় তাফসির মাহফিলে অংশগ্রহণ করেন এবং মাহফিল শেষে রাত ১০টার দিকে জয়পুরহাট থেকে বড়ী ফেরার উদ্দেশ্যে ট্রেনে ওঠেন।
এসময সাদিয়া ইসলাম আরো জানান, রাত ১টা ২৫ মিনিটের দিকে ভেড়ামারা পৌঁছালে আমার সাথে সাইদুল ইসলামের শেষ কথা হয়। এরপর থেকে তার আর খোঁজ পাওয়া যাচ্ছে না। আমরা আত্মীয়-স্বজনসহ সর্বত্র খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাইনি।
ঘটনার পরদিন জামায়াত নেতা শেখ সাইদুল ইসলামের পরিবার খোকসা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। যার নম্বর ৮১২। জামায়াত নেতা সাইদুল ইসলামের পরিবার খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও জেলা পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করেছেন। পুলিশ প্রশাসন তাদের বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দিয়েছে বলে জানায় সাদিয়া ইসলামের পরিবার।
সাইদুল ইসলামের স্ত্রী প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল মহলের প্রতি আবেদন জানিয়ে বলেন, আমার স্বামীকে দ্রুত উদ্ধার করে আমাদের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যাবস্থা করেন। আমরা উদ্বেগ উৎকন্ঠার মধ্যে আছি।
সংবাদ সম্মেলনে নিখোঁজ শেখ সাইদুল ইসলামের পরিবারের সদস্যরা সহ তার তিন সন্তান ও স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


















