স্টাফ রিপোর্টার

প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, সতর্ক করার পরও অনেক গণমাধ্যম পোর্টালে এখনো জুয়া ও অনিরাপদ কনটেন্টের বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে। এ ধরনের বিজ্ঞাপন প্রচার করলে বিনা নোটিসে যে কোনো মুহূর্তে সংশ্লিষ্ট গণমাধ্যমের পোর্টাল বন্ধ করে দেওয়া হবে।
গতকাল মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে ‘অনলাইন জুয়া প্রতিরোধে করণীয়’ শীর্ষক সভায় তিনি এসব কথা বলেন।
ফয়েজ আহমদ বলেন, প্রায় সব মিডিয়ার পোর্টালে এখনো অনিরাপদ কনটেন্ট আসে। জুয়ার বিজ্ঞাপন আসে। এখান থেকে তারা টাকা পায়। জুয়ার অর্থ লেনদেনকারী অ্যাকাউন্টের তালিকা তৈরি হচ্ছে এবং যেসব পোর্টালে জুয়ার বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে সেগুলো বন্ধ করা হবে।
তিনি বলেন, ট্রাফিক ক্ল্যাসিফাইয়ার এমনভাবে ডিজাইন করতে হবে যাতে পপ আপ ব্লক করা যায়। এছাড়া মোবাইল ফিন্যান্সিয়াল প্রতিষ্ঠানকে অ্যাক্টিভ ক্রলার ব্যবহার করে জুয়া ও ব্যাটিং বন্ধ করতে হবে। নভেম্বরে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার চালু করার জানান তিনি।


















