দৌলতপুর কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ইটভাটায় ব্যবহারের উদ্দেশ্যে অবৈধভাবে মাটি পরিবহনের দায়ে দুই ট্রাক চালককে আটক করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। পরিবেশ রক্ষায় প্রশাসনের এই কঠোর অভিযানে মাটিবাহী দুটি ড্রাম ট্রাক জব্দ করা হয়।
সোমবার (২২ ডিসেম্বর) দিনব্যাপী দৌলতপুর উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ কুমার দাসের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এই বিশেষ তদারকি কার্যক্রম চালায়।
অভিযান চলাকালে আল্লাহর দরগা এলাকার মনিরুল ইসলাম ও বেগুনবাড়িয়া এলাকার রাজু আহমেদ নামের দুই চালক তাদের মাটি পরিবহনের স্বপক্ষে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। ফলে সড়ক পরিবহন আইনে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে প্রত্যেকের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
দীর্ঘদিন ধরে স্থানীয় ইটভাটাগুলোতে অবৈধভাবে ফসলি জমির মাটি সরবরাহ করার অভিযোগ ছিল। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জনস্বার্থবিরোধী এসব অনিয়ম বন্ধে তাদের নজরদারি নিয়মিত অব্যাহত থাকবে।
দৌলতপুর থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত এই অভিযানটি সফলভাবে শেষ হয় এবং জনমনে স্বস্তি ফিরে আসে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, প্রশাসনের এই কঠোর অবস্থান পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



















