নিজস্ব প্রতিবেদক | ঢাকা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র মনোনীত প্রার্থী হিসেবে দলীয় চূড়ান্ত মনোনয়নপত্র ও প্রতীক বরাদ্দ গ্রহণ করেছেন সাবেক সংসদ সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা।
আজ ২৪ ডিসেম্বর (বুধবার) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে এই মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় তাঁর সাথে কুষ্টিয়া ও দৌলতপুর জেলা-উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। বাচ্চু মোল্লার মনোনয়ন প্রাপ্তির খবরে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।
‘সংগ্রামের স্বীকৃতি পেলেন বাচ্চু মোল্লা’
মনোনয়নপত্র সংগ্রহের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, “বিএনপি একটি বিশাল ও গণতান্ত্রিক দল। এই আসনে আরও একাধিক প্রার্থী মনোনয়ন চেয়েছিলেন। তবে গত ১৭ বছরের দীর্ঘ আন্দোলন-সংগ্রাম, দলের প্রতি অবিচল আনুগত্য এবং দৌলতপুরের সাধারণ মানুষের আকুণ্ঠ সমর্থনের বিষয়টি বিবেচনায় নিয়ে বিএনপির মনোনয়ন বোর্ড ও আমাদের নেতা তারেক রহমান আমাকে মনোনীত করেছেন।”তিনি আরও যোগ করেন, “আমার ওপর যে আস্থা রাখা হয়েছে, তার সম্মান আমি রক্ষা করব। ইনশাআল্লাহ, দৌলতপুরের জনগণকে সাথে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় লড়াই চালিয়ে যাব এবং কুষ্টিয়া-১ আসনটি দেশনায়ক তারেক রহমানকে উপহার দেব।”
নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস
দৌলতপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। স্থানীয় নেতাকর্মীদের মতে, বাচ্চু মোল্লা দীর্ঘ সময় ধরে সাধারণ মানুষের সুখ-দুঃখের সাথী হিসেবে রাজনীতি করছেন। তাঁর নেতৃত্বে এই আসনে বিএনপি এখন আগের চেয়ে অনেক বেশি সুসংগঠিত ও শক্তিশালী।
উল্লেখ্য, আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা সাবেক সংসদ সদস্য হিসেবে এলাকায় ব্যাপক জনপ্রিয়। তৃণমূলের রাজনীতিতে তাঁর বলিষ্ঠ ভূমিকার কারণেই দল তাঁকে পুনরায় ধানের শীষের কান্ডারি হিসেবে বেছে নিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।



















