ঢাকা, ৩০ ডিসেম্বর ২০২৫: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।
এক শোকবার্তায় উপাচার্য বলেন, “আপোষহীন দেশনেত্রী, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমি মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। অন্যায়ের বিরুদ্ধে তাঁর সাহসী ও আপোষহীন ভূমিকা এ দেশের মানুষ চিরকাল মনে রাখবে। তাঁর মৃত্যুতে দেশ একজন অকুতোভয় আপোষহীন নেত্রীকে হারালো। দেশের এ ক্রান্তিলগ্নে তাঁর রাজনৈতিক দূরদর্শিতা ও সঠিক দিকনির্দেশনা জাতির জন্য গুরুত্বপূর্ণ ছিলো। মহান আল্লাহ তাঁকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন।”
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বেগম খালেদা জিয়া। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) নিয়ে চিকিৎসা দেওয়া হয়। দীর্ঘদিন ধরে লিভার, কিডনি, হার্টসহ নানা জটিল রোগে ভুগছিলেন তিনি।

















