তানভীর আজাদ
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় পৃথক দুটি বিশেষ অভিযানে এক চোরাকারবারিকে ইয়াবাসহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদও উদ্ধার করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, সোমবার (১৯ জানুয়ারি) ভোরে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর আওতাধীন চিলমারী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ১৫৭/২-এস থেকে আনুমানিক ২০ গজ বাংলাদেশের ভেতরে চড়াইকুড়ি এলাকা থেকে বাবু বিশ্বাসের ছেলে মিজানুর রহমান (৪৫) কে ১৩১ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়।
এছাড়া একই সময়ে পৃথক আরেকটি অভিযানে সীমান্ত পিলার ৮৫/১৩-এস থেকে প্রায় ৩৭৫ গজ অভ্যন্তরে আলিমডোবা এলাকায় মালিকবিহীন অবস্থায় ৫১ বোতল ভারতীয় মদ উদ্ধার করে বিজিবি।
উদ্ধারকৃত ইয়াবা ও ভারতীয় মদের মোট আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৪৬ হাজার ৩০০ টাকা বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ বিষয়ে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, ইয়াবাসহ আটক ব্যক্তিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দৌলতপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি উদ্ধারকৃত মালিকবিহীন ভারতীয় মদ বিধি অনুযায়ী ধ্বংস করা হচ্ছে।
তিনি আরও জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।



















