
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার সকালে র্যাব এ তথ্য জানিয়েছে।
হান্নান রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকার বাসিন্দা। জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী, হান্নানের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাগডাঙ্গা পশ্চিমপাড়ায়। তার বাবার নাম মো. আবুল কাশেম ও মায়ের নাম মোসা. ফুরকোন। তিনি পেশায় শ্রমিক।
র্যাব জানায়, ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করা হয়েছে। হত্যার ঘটনায় হান্নান জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছে র্যাব।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বলেন, হান্নানকে মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে পল্টন থানায় হস্তান্তর করা হয়েছে।


















