তানভীর আজাদ
দৌলতপুর কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান তারাগুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ঢাকাস্থ প্রাক্তন শিক্ষার্থীদের বার্ষিক মিলনমেলা ও ২০২৫-২৬ সেশনের কর্মসূচি সম্পন্ন হয়েছে। শৈশবের হারানো স্মৃতি আর নাড়ির টানে ঢাকার বুকে আয়োজিত এই মিলনমেলাটি প্রাক্তন ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে একখণ্ড ‘তারাগুনিয়া’য় পরিণত হয়েছিল।
গত ১৯ ডিসেম্বর, শুক্রবার ঢাকার গ্রামীণ সিটি, ঘাটারচরে অত্যন্ত আনন্দঘন পরিবেশে এই অনুষ্ঠানটি আয়োজিত হয়। সকাল থেকেই আজিমপুর ও মিরপুরসহ রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রাক্তন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।
অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করেন বিদ্যালয়ের কৃতি ছাত্র ও ফোরামের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) শহিদুল ইসলাম এবং কারিগরি শিক্ষা বোর্ডের মহাপরিচালক (ডিজি) আ খ ম আক্কাস আলী। দিনভর আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে ছিল পুরুষদের ডার্ট নিক্ষেপ ও গোল কিক, নারীদের বাস্কেটবল এবং শিশুদের দৌড় প্রতিযোগিতা। পুরো আয়োজনটি সুচারুভাবে পরিচালনা করেন মোস্তাফিজুর রহমান রুমন, মো. আতিয়ার রহমান রেন্টু এবং শামসুজ্জামান বাবুল।
মধ্যাহ্নভোজ শেষে সাধারণ সম্পাদক সোহেল রেজা মোল্লা সংগঠনের বর্তমান কার্যক্রম ও দৌলতপুর উপজেলার কৃতি সন্তানদের নিয়ে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে এই দীর্ঘদিনের ভ্রাতৃত্ব ও ঐক্য বজায় রাখার লক্ষ্যেই প্রতি বছর এই পুনর্মিলনীর আয়োজন করা হয়।
সবশেষে সভাপতি জাহাঙ্গীর আলম বাবুল সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সমাপনী বক্তব্য প্রদান করেন। র্যাফেল ড্র এবং পুরস্কার বিতরণীর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। মাগরিবের নামাজের পর একরাশ রঙিন স্মৃতি নিয়ে প্রাক্তন শিক্ষার্থীরা বিদায় নেন।



















