মিয়া সুলেমান, ঈশ্বরগঞ্জ প্রতিনিধি:
ময়মনসিংহ-১৫৩ (ঈশ্বরগঞ্জ-৮) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির দীর্ঘদিনের নেতা শাহ্ নূরুল কবীর শাহিন দলীয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে ঈশ্বরগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপি থেকে পদত্যাগের কথা জানান।
সংবাদ সম্মেলনে সাবেক এই এমপি বলেন, দীর্ঘ ৪৩ বছরের রাজনৈতিক জীবনে বিএনপির সঙ্গে নিবিড়ভাবে যুক্ত ছিলেন তিনি। ছাত্র রাজনীতি থেকে শুরু করে ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হওয়া পর্যন্ত দলের নানা দায়িত্ব পালন করেছেন। তবে ব্যক্তিগত কারণেই দল থেকে সরে দাঁড়ানোর এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।
পদত্যাগের পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণাও দেন সাবেক এই এমপি। তিনি বলেন, “আমি রাজনীতি ছাড়ছি না। ভোটের মাঠে থাকব। ঈশ্বরগঞ্জের মানুষের প্রত্যাশা ও ভালোবাসাকে শক্তি করেই নির্বাচনে অংশ নেব।”
তিনি আরও বলেন, এলাকার মানুষের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হয়ে নতুনভাবে রাজনৈতিক পথচলা শুরু করতে চান তিনি। দলীয় পরিচয়ের বাইরে থেকেও জনগণের জন্য কাজ করার সুযোগ রয়েছে বলে বিশ্বাস করেন তিনি।
তার এই ঘোষণার পর ঈশ্বরগঞ্জের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা ও জল্পনা। অনেকেই একে আসন্ন নির্বাচনে স্থানীয় রাজনীতির সমীকরণ বদলের ইঙ্গিত হিসেবে দেখছেন।
বিএনপি’র এই নেতার দল থেকে পদত্যাগের সিদ্ধান্তকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া দেখা গেছে। সমর্থক ও সমালোচক—দুই পক্ষেরই নানা মন্তব্যে সরব হয়ে উঠেছে কমেন্ট সেকশন।
ফেসবুক ব্যবহারকারী অহিদুল ইসলাম এক মন্তব্যে শাহীন ভাইয়ের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে লেখেন, “আলহামদুলিল্লাহ, শাহীন ভাই বিএনপি থেকে পদত্যাগ করছেন। ওনার সিদ্ধান্ত সঠিক বলে মনে করি। ১৭ বছর ইতিহাসের সর্বোচ্চ দমন-পীড়ন, জেল-জুলুম সহ্য করেও দল থেকে প্রাপ্য সম্মান পাননি। এতে ব্যক্তিগতভাবে ওনার কিছু হবে না, বরং দলের বড় ক্ষতি হবে।” এই মন্তব্যে দলীয় আচরণ ও ত্যাগের স্বীকৃতি না পাওয়ার বিষয়টি গুরুত্ব পায়।
অন্যদিকে দুলাল সরকার নামের আরেক ব্যবহারকারী ভিন্নমত প্রকাশ করে বলেন, “আমার পছন্দ হয়নি। ৪৩ বছর পর এই সিদ্ধান্ত মোটেও সঠিক হয়নি। এখন একতাবদ্ধভাবে দলকে সামনে এগিয়ে নেওয়ার সময়। উনি আমার ব্যক্তিগতভাবে পছন্দের একজন মানুষ। আমি সত্যিই কষ্ট পেয়েছি।” তার মন্তব্যে দলীয় ঐক্য ও দীর্ঘ রাজনৈতিক সম্পর্কের বিষয়টি উঠে আসে।
এদিকে আরিফুল ইসলাম নামের এক ব্যবহারকারী আরও কঠোর ভাষায় রাজনীতিতে সুবিধাবাদিতার সমালোচনা করেন। তিনি লেখেন, “যারা এমপি হওয়ার লোভে রাজনীতি করে, আদর্শ নয় সুবিধা দেখে—তারা রাজনীতির সবচেয়ে বড় বোঝা। এদের কাছে দল মানে সিঁড়ি, জনগণ মানে সংখ্যা।” তিনি আরও বলেন, সুবিধাবাদী রাজনীতিকদের কারণে আদর্শিক রাজনীতি ক্ষতিগ্রস্ত হয় এবং ত্যাগীরা কোণঠাসা হয়ে পড়ে।
এ ধরনের ইতিবাচক ও নেতিবাচক মন্তব্যে ফেসবুকজুড়ে চলছে ব্যাপক আলোচনা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই প্রতিক্রিয়াগুলো শুধু একজন নেতার পদত্যাগ নয়, বরং দীর্ঘদিনের দলীয় রাজনীতি, ত্যাগের মূল্যায়ন, নেতৃত্বের সংকট এবং আদর্শ বনাম সুবিধাবাদের দ্বন্দ্বকেই সামনে নিয়ে এসেছে।
পদত্যাগের কারণে ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান এবং এ সিদ্ধান্ত বিএনপির অভ্যন্তরীণ রাজনীতিতে কী প্রভাব ফেলবে—তা নিয়ে এখন রাজনৈতিক অঙ্গনে কৌতূহল ও আলোচনা তুঙ্গে।


















