“
দৌলতপুর কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেছেন, জনগণের অর্থনৈতিক মুক্তি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমেই দেশে বৈপ্লবিক পরিবর্তন আসবে। বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের এই কর্মসূচি মূলত একটি বৈষম্যহীন ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার রূপরেখা।
আজ ২৩ ডিসেম্বর, মঙ্গলবার বিকেল ৪টায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের শালিমপুর গ্রামে ৮ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত এক নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সাংগঠনিক কার্যক্রম জোরদার ও জনমত গঠনের লক্ষে এই সভার আয়োজন করা হয়।
বক্তব্যে রেজা আহমেদ বাচ্চু মোল্লা ৩১ দফার আলোকে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের গুরুত্ব তুলে ধরে বলেন, দরিদ্র পরিবারের জন্য ফ্যামিলি কার্ড হবে রাষ্ট্রীয় সহায়তার স্থায়ী সমাধান। আর কৃষিপ্রধান দৌলতপুরের প্রকৃত কৃষকদের সার, বীজ ও ভর্তুকি সরাসরি পৌঁছে দিতে প্রবর্তন করা হবে কৃষক কার্ড। এর ফলে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য চিরতরে বন্ধ হবে।
বিগত নির্বাচনের তিক্ত অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ২০১৮ সালে আমাকে ও উপজেলার প্রায় দুইশ নেতাকর্মীকে কারাবন্দি করে দিনের ভোট রাতে করার মাধ্যমে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছিল। তিনি আরও উল্লেখ করেন, হাসিনা ওয়াজেদ ক্ষমতা চিরস্থায়ী মনে করলেও শেষ পর্যন্ত গণপ্রতিরোধের মুখে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। তিনি নেতাকর্মীদের কোনো প্রকার প্রতিহিংসায় না জড়িয়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখারও আহ্বান জানান।
বৈঠকে স্থানীয় সাধারণ মানুষ গ্রামীণ রাস্তাঘাট, সেচ সুবিধা ও কর্মসংস্থানসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে তিনি নির্বাচিত হয়ে অগ্রাধিকার ভিত্তিতে তা সমাধানের আশ্বাস দেন। সবশেষে তিনি দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি প্রতিটি মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করার নির্দেশ দেন।



















