দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি এবং দীর্ঘ ১৭ বছর পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সপরিবারে স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা মডেল মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) জুম্মার নামাজ শেষে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এই দোয়া মাহফিলে স্থানীয় নেতাকর্মী ও বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।
দোয়া ও মোনাজাতে মহান আল্লাহর কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করা হয়। একই সঙ্গে দীর্ঘ নির্বাসন শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা হয় এবং তাঁর ও তাঁর পরিবারের নিরাপত্তা, সুস্বাস্থ্য ও উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।
দোয়া শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ছাত্রদলের দৌলতপুর উপজেলা শাখার আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেল বলেন,
“দীর্ঘ ১৭ বছরের স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে দেশ আজ নতুন দিনের প্রত্যাশায়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও জননেতা তারেক রহমানের নেতৃত্বেই এ দেশের গণতন্ত্র পুনরুদ্ধার হবে।”
দোয়া মাহফিলে উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।



















