তানভীর আজাদ | দৌলতপুর (কুষ্টিয়া):
শিক্ষার গুণগত মান বৃদ্ধি ও মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে নিতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় অনুষ্ঠিত হয়েছে অধ্যক্ষ এডভোকেট আমিরুল ইসলাম মেধাবৃত্তি–২০২৫।
শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টায় তারাগুনিয়া এলাকায় অবস্থিত ডা. লুৎফর রহমান কলেজিয়েট স্কুল প্রাঙ্গণে এ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষাটি সহযোগিতায় অধ্যক্ষ এডভোকেট আমিরুল ইসলাম কল্যাণ ট্রাস্ট এবং আয়োজনে ডা. লুৎফর রহমান কলেজিয়েট স্কুল বাস্তবায়ন করে।
এ মেধাবৃত্তি পরীক্ষায় দৌলতপুর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণির মোট ৪২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের জ্ঞান, মেধা ও সৃজনশীলতা যাচাইয়ের লক্ষ্যে এ আয়োজন করা হয়।
আয়োজকরা জানান, পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নির্বাচিত ৮০ থেকে ১০০ জন মেধাবী শিক্ষার্থীকে বিভিন্ন ক্যাটাগরিতে বৃত্তি প্রদান করা হবে, যা শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহ জোগাবে।
পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে আসেন ডা. লুৎফর রহমান কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ (প্রিন্সিপাল) সুলতানা নাসরিন চুমকি। তিনি শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা আয়োজনের প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।
এ সময় স্কুল পরিচালনা কমিটির সদস্য মোঃ সুজন আহম্মেদ ও মোঃ রাজন আহম্মেদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
শিক্ষার প্রসার ও মেধা বিকাশে এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে অভিভাবকরা বলেন, নিয়মিত মেধাবৃত্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক মানসিকতা গড়ে উঠছে, যা ভবিষ্যতে তাদের সাফল্যের পথ সুগম করবে।



















