সোমবার , ৮ সেপ্টেম্বর ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

নেপালজুড়ে জেন-জির বিক্ষোভ, পুলিশের গুলিতে নিহত বেড়ে ১৯

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৮, ২০২৫ ২:১৫ অপরাহ্ণ

নেপালে দুর্নীতি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সাম্প্রতিক নিষেধাজ্ঞার বিরুদ্ধে জেন-জির নেতৃত্বে হওয়া দেশব্যাপী আন্দোলন ভয়াবহ সহিংসতায় রূপ নিয়েছে। সোমবার রাজধানী কাঠমান্ডু এবং অন্যান্য বড় শহরে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে পুলিশের গুলিতে অন্তত ১৯ জন নিহত এবং ৩৪৭ জন আহত হয়েছেন।

সোমবার নেপালের সংবাদ মাধ্যম দ্য কাঠমান্ডু পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শুধুমাত্র কাঠমান্ডুতেই ১৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে জাতীয় ট্রমা সেন্টারে ৮ জন, এভারেস্ট হাসপাতালে ৩ জন, সিভিল হাসপাতালে ৩ জন, কাঠমান্ডু মেডিকেল কলেজে ২ জন এবং ত্রিভুবন টিচিং হাসপাতালে ১ জন মারা যান। এছাড়া সুনসারির ইটাহারিতে বিক্ষোভ চলাকালে এক বিক্ষোভকারী ঘটনাস্থলেই নিহত হন এবং গুরুতর আহত অবস্থায় আরেকজন BP কৈরালা ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সেসে মারা যান।

আহতের সংখ্যা সারাদেশে ৩৪৭ জনে পৌঁছেছে, যাদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। হাসপাতালভিত্তিক আহতের পরিসংখ্যানে দেখা গেছে, সিভিল হাসপাতালে ১০০ জন, এভারেস্টে ১০২ জন, ট্রমা সেন্টারে ৫৯ জন, কাঠমান্ডু মেডিকেল কলেজে ৩৭ জন, ত্রিভুবন টিচিং হাসপাতালে ১৮ জন, বীর হাসপাতালে ৬ জন, পাটনে ৪ জন, নরভিকে ৩ জন, ধরানের BP কৈরালা ইনস্টিটিউটে ২ জন, গণ্ডকী মেডিকেলে ১ জন, বিরাট মেডিকেলে ৪ জন এবং দামক হাসপাতালে ৭ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে

চিকিৎসকরা জানান, এভারেস্ট হাসপাতালের অন্তত চারজন রোগীর অবস্থা আশঙ্কাজনক, যাদের শরীরে গুলির আঘাত রয়েছে। ট্রমা সেন্টারের চিকিৎসক ডা. দীপেন্দ্র পান্ডে জানান, সেখানে চিকিৎসাধীন দশজনের মাথা ও বুকে গুলি লেগেছে, যাদের অবস্থা অত্যন্ত সংকটজনক।

কাঠমান্ডুর নতুন বানেশ্বর এলাকায় বিক্ষোভ শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিকেল ৩:৩০টা থেকে কারফিউ জারি করা হলেও আন্দোলনকারীরা পিছু হটেনি। ফেডারেল পার্লামেন্ট ভবনের সামনেও বিক্ষোভ ছড়িয়ে পড়ে, যেখানে পুলিশ জলকামান, কাঁদানে গ্যাস ও গুলি ব্যবহার করে জনতা ছত্রভঙ্গ করার চেষ্টা করে। একই ধরনের বিক্ষোভ ছড়িয়ে পড়ে পোখরা, বিরাটনগর, জনকপুর, হেতাউডা, নেপালগঞ্জসহ বহু শহরে।

ঝাপার দামকে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির বাসভবনের সামনে বিক্ষোভকারীরা পাথর ছুঁড়ে মারে। পুলিশ পালটা গুলিবর্ষণ করে। বিক্ষোভকারীরা টায়ার জ্বালিয়ে পূর্ব–পশ্চিম মহাসড়কের কিছু অংশ অবরোধ করে। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে একাধিক জেলায় কারফিউ জারি করে প্রশাসন এবং সামরিক বাহিনী মোতায়েন করা হয়।

এমন পরিস্থিতিতে জাতীয় মানবাধিকার কমিশন এক বিবৃতি প্রকাশ করে বিক্ষোভকারীদের শান্তিপূর্ণ থাকার আহ্বান জানায় এবং আইনশৃঙ্খলা বাহিনীকে অতিরিক্ত বলপ্রয়োগ থেকে বিরত থাকার অনুরোধ জানায়। কমিশন উল্লেখ করে, শান্তিপূর্ণ মতপ্রকাশের অধিকার সংবিধান ও আন্তর্জাতিক আইনে নিশ্চিত এবং সাম্প্রতিক সহিংসতা ও প্রাণহানি ‘গভীর উদ্বেগজনক’।

এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে জেন-জি, তরুণ প্রজন্ম যারা দুর্নীতি, রাষ্ট্রীয় ব্যর্থতা ও বাকস্বাধীনতা রোধের বিরুদ্ধে সোচ্চার। ছাত্র ও যুব সংগঠনগুলো বিক্ষোভের অগ্রভাগে রয়েছে। সকাল থেকেই হাজার হাজার তরুণ রাস্তায় নামে, দাবি জানায় গণতন্ত্র ও স্বচ্ছতার পক্ষে।

বর্তমানে হাসপাতালগুলো উপচে পড়ছে আহতদের ভিড়ে, আর পরিস্থিতি এখনও অস্থির। সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করলেও, তরুণ প্রজন্মের এই গণআন্দোলন নতুন মোড় নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

ডুমুরিয়ায় ছাত্র-যুব সমাবেশ অনুষ্ঠিত

যাত্রাবাড়ীতে নির্যাতন ও প্ররোচনায় গৃহবধূর আত্মহত্যা

রাজশাহীতে আওয়ামী লীগের ভাঙা অফিসে আবারও ভাংচুর

নোবিপ্রবির জয়জয়কার! টাইমস হায়ার এডুকেশনে ফিজিক্যাল সায়েন্সে দেশে ৩য়, বিশ্বে ৬০১-৮০০

আমরা কোন বিশেষ দল বা গোষ্ঠীর বিরুদ্ধে নই বরং আমরা সকল প্রকার অপরাধ ও অপরাধীদের বিরুদ্ধে

ঢাকা কলেজের মেইনগেইট সংলগ্ন দেওয়াল ভেঙে ইসলামি ব্যাংকের বুথ বসানো হচ্ছে

কুমিল্লা সালদা কসবা সড়কের বেহাল দশা

আটকা অবস্থায় গ্রেটা থুনবার্গের ওপর ইসরাইলি বাহিনীর নির্যাতন

আন্তর্জাতিক গণিত ও জীববিজ্ঞান অলিম্পিয়াডে পদকজয়ী ছয় শিক্ষার্থীর সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ

জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে পুলিশ পার্ক সংলগ্ন মাথাভাঙ্গা নদীতে মাছের পোনা অবমুক্তকরণ