স্টাফ রিপোর্টার

দেশে গত একযুগে ৬৭ হাজার ৮৯০টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে এক লাখ ১৬ হাজার ৭২৬ জন নিহত এবং এক লাখ ৬৫ হাজার ২১ জন আহত হয়েছেন। ২০১৪ থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত হতাহতের এই পরিসংখ্যান জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সমিতির সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
তবে গণমাধ্যমের তথ্যের ওপর ভিত্তি করে এই সংখ্যা বলা হলেও প্রকৃতপক্ষে সড়ক দুর্ঘটনা ও প্রাণহানির সংখ্যা আরো বেশি হবে বলে জানান সংশ্লিষ্টরা। একে ‘সড়কে গণহত্যা’ আখ্যা দিয়ে দুর্নীতি ও সরকারি ভুল নীতির কারণে এমনটি ঘটেছে বলে মনে করে যাত্রী কল্যাণ সমিতি। আর মেয়াদোত্তীর্ণ যানবাহনের জন্যই কাঠামোগত এই ‘হত্যাকাণ্ড’ ঘটছে বলে মত রোড সেফটি নেটওয়ার্কের।


















