তানভীর আজাদ দৌলতপুর কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার দৌলতপুরে অপহরণচেষ্টার ঘটনায় জনতার হাতে আটক হয়েছেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হত্যা মামলার পলাতক আসামি জামিরুল ইসলাম জামু (৩৫)। পরে দৌলতপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়েছে।
গ্রেপ্তার জামিরুল ইসলাম জামু উপজেলার রিফাইতপুর ইউনিয়নের শীতলাইপাড়া গ্রামের আবু আফফানের বড় ছেলে। তিনি মেহেরপুরের গাংনী থানায় দায়ের হওয়া আপন চাচী হত্যা মামলায় বিজ্ঞ আদালতের রায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত। রায় ঘোষণার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে শীতলাইপাড়া এলাকায় তারিকুল হোসেন (৩০) নামের এক যুবককে রাস্তার পাশ থেকে তুলে নেওয়ার চেষ্টা করে জামু ও তার কয়েকজন সহযোগী। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা ধাওয়া করলে অভিযুক্তরা পালিয়ে যায়। তবে জনতার হাতে ধরা পড়ে জামু।
ভুক্তভোগী তারিকুল হোসেন জানান, তাকে হত্যার উদ্দেশ্যেই অপহরণ করা হচ্ছিল। একপর্যায়ে তাকে একটি বাঁশঝাড়ে হাত-পা বেঁধে রেখে পালিয়ে যায় অপরাধীরা। পরে স্থানীয়দের সহায়তায় তিনি উদ্ধার হন।
এলাকাবাসীর অভিযোগ, জামিরুল ইসলাম জামু দীর্ঘদিন ধরে শীতলাইপাড়া ও আশপাশের এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে আতঙ্কের পরিবেশ তৈরি করে আসছিল। তার বিরুদ্ধে একাধিক হত্যাকাণ্ড, চুরি ও ডাকাতির অভিযোগ রয়েছে।
দৌলতপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাসুম পারভেজ রতন বলেন, জামুর গ্রেপ্তার এলাকাবাসীর জন্য স্বস্তির। তবে তার সঙ্গে জড়িত অন্য অপরাধীদেরও দ্রুত আইনের আওতায় আনা জরুরি।
এদিকে একটি ঘটনায় নাম জড়ানো তুহিন অভিযোগ অস্বীকার করে বলেন, জামুর সঙ্গে তার বা তার পরিবারের কোনো সম্পর্ক নেই এবং তিনি নিরপেক্ষ তদন্তের দাবি জানান।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, স্থানীয়দের সহায়তায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি জামিরুল ইসলাম জামুকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।
এ ঘটনায় এলাকাবাসীর প্রত্যাশা, দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে দৌলতপুরকে অপরাধমুক্ত করা হবে।



















