বৃহস্পতিবার , ৬ নভেম্বর ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

ঢাকা-১৮ আসনে মীর স্নিগ্ধকে নিয়ে নানা গুঞ্জন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৬, ২০২৫ ৫:৩৯ অপরাহ্ণ


জুলাই আন্দোলনে দেশের আলোচিত শহিদ মীর মুগ্ধের যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ সদ্য বিএনপিতে যোগদানের পর তিনি ঢাকা-১৮ আসনে ধানের শীষের প্রার্থী হতে পারেন এমন জল্পনা-কল্পনা বইছে বৃহত্তর উত্তরাজুড়ে।

সম্প্রতি, সারাদেশে ২৩৭ আসনের পাশাপাশি ঢাকার ১৩ আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা দিলেও ঢাকা-১৮ আসনসহ মোট ৬৩ আসনে প্রার্থী দেয়নি বিএনপি। শুরু থেকেই শোনা যাচ্ছিল এসব আসনে জোটভুক্ত শরিক দলের নেতাদের মনোনয়ন দিবে বিএনপি। ব্যতিক্রম ছিল না ১৮ আসনও। তবে দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভার্চুয়াল উপস্থিতিতে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বিএনপির সদস্য ফরম পূরণ করায় ঢাকা-১৮ আসনে পুরোপুরি পাল্টে যাচ্ছে সে হিসাব। এরই মধ্যে মীর স্নিগ্ধকে অতিথি করে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দকে উঠান বৈঠকের উদ্যোগ নিতেও দেখা গেছে। এতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে মীর স্নিগ্ধই হতে পারেন ধানের শীষের সম্ভাব্য প্রার্থী এমন গুঞ্জন বইতে শুরু করেছে আসনের বিভিন্ন এলাকায়।

যেভাবে আলোচনার সূত্রপাত: গত ৩ নভেম্বর (সোমবার) গুলশান চেয়ারপার্সন কার্যালয়ে বিএনপি সারাদেশের ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করে। প্রার্থী ঘোষণার তালিকায় ঢাকা-১৮ আসনসহ সর্বমোট ৬৩ আসন ফাঁকা রাখে বিএনপি। এসব আসনে বিএনপি শরিক দলের নেতাদের মনোনয়ন দিবে জনমনে এমন ধারণা থাকলেও ঢাকা-১৮ আসনে শুরু থেকেই ছিল ভিন্ন সুর।

যেহেতু চব্বিশের জুলাই আন্দোলনে ঢাকা-১৮ আসনের অন্তর্গত উত্তরা এলাকায় মীর স্নিগ্ধের ভাই মীর মাহফুজুর রহমান মুগ্ধ শহিদ হয় এবং পরবর্তীতে বিষয়টি গণমাধ্যমে উঠে আসে। ফলে উত্তরায় শহিদ মুগ্ধ পরিবার এখন সবার চেনা। ৫ আগস্ট পরবর্তী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে জুলাই ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক করা হলে স্নিগ্ধের পরিচিতি ও গ্রহণযোগ্যতা আরও বাড়ে। সবশেষ গত ৩ নভেম্বর সারাদেশে মনোনয়ন ঘোষণার দিন তালিকায় ঢাকা-১৮ আসন ফাঁকা রাখার পরদিন জুলাই আন্দোলনে উত্তরার অন্যতম শহিদ মীর মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধের যোগদান পাল্টে দেয় সব হিসাব-নিকাশ। মূলত, বিএনপির প্রার্থী ঘোষণার দিন থেকেই ঢাকা-১৮ আসনে মীর স্নিগ্ধের এমপি ইলেকশনের ব্যাপারে স্যোশাল মিডিয়ায় অনেককে প্রচারণা চালাতে দেখা যায়।

তবে, মীর স্নিগ্ধের হঠাৎ বিএনপিতে যোগদানের পর বিষয়টিকে মেনে নিতে পারেনি অনেকেই। উত্তরার স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ বলছেন, বিএনপিতে যোগ দিয়ে মীর স্নিগ্ধ ক্ষমতার রাজনীতির পেছনে ছুটছেন। জুলাই শহিদের ভাই হওয়ায় ভোটের রাজনীতিতে তাকে কাজে লাগানো হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক তুরাগের দলিপাড়া এলাকার এক বাসিন্দা জানায়, জুলাই শহিদের ভাই হিসেবেই মীর স্নিগ্ধকে আমরা চিনি। ঢাকা-১৮ আসনে ভোটের মাঠে বিএনপির জেলখাটা ত্যাগী নেতাদের জনপ্রিয়তাই বেশি। এই আসন থেকে বিএনপি স্নিগ্ধকে মনোনয়ন দিলে স্থানীয় ত্যাগী নেতাদের অবমূল্যয়ন করা হবে।

এদিকে, বিএনপি নেতৃবৃন্দ মীর স্নিগ্ধকে সদস্য হিসেবে যুক্ত করায় ঢাকা-১৮ আসনে তিনিই হতে পারেন ধানের শীষ মনোনীত প্রার্থী- এই ধারণাই এখন অধিকাংশ বাসিন্দাদের। আর এমনটি হলে ঢাকা-১৮ আসনে ব্যাপক সামাজিক অগ্রগতির আশাও প্রকাশ করছেন তারা। এ নিয়ে খিলক্ষেত নিকুঞ্জ এলাকার স্থানীয় বাসিন্দা জাহিদ ইকবাল যুগান্তরকে জানান, রাজনীতিতে তরুণদের অগ্রাধিকার পরিবর্তনেরই ইঙ্গিত দেয়। এই আসনে মীর স্নিগ্ধ মনোনয়ন পেলে স্থানীয় রাজনীতিতে প্রভাব ও বিভক্তি দুটোই কমে আসবে। স্নিগ্ধ যেহেতু সামাজিক কর্মকাণ্ডে বেশি সক্রিয় ছিল এতে ঢাকা-১৮ আসনের সামাজিক উন্নয়নে অগ্রগতি আসবে।

উত্তরখান এলাকার বাসিন্দা ও জুলাই আন্দোলনকর্মী আবদুর রহমান নাবিল বলেন, এই বয়সে এতটুকু সাহসও অনেকে দেখাতে পারে না। আমি আগেও বলেছিলাম যে এনসিপি বা বিএনপির উচিত ঢাকা -১৮ থেকে তাকে নমিনেশন দেওয়া। তরুণরা নেতৃত্বে এলে পরিবর্তন আসবে।

খোঁজ নিয়ে জানা যায়, মীর মাহবুবুর রহমান স্নিগ্ধের বেড়ে ওঠা বিএনপি পরিবারেই। তার বাবা মীর মোস্তাফিজুর রহমান (বাবুল) ছাত্রজীবনে বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন। ১৯৮৬-৮৭ ও ১৯৮৯-৯০ এই দুই মেয়াদে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত ছিলেন মোস্তাফিজুর রহমান বাবুল। ত্রয়োদশ সংসদ নির্বাচনে ব্রাহ্মনবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনি। ছেলে মীর স্নিগ্ধের বিএনপিতে যোগদানের সময় ভার্চুয়ালি তারেক রহমানের উপস্থিতিতে তিনিও বৈঠকটিতে হাজির ছিলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে প্রার্থী হওয়া নিয়ে বিএনপি থেকে কোন সিগন্যাল পেয়েছেন কিনা জানতে চাইলে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেন, আমি এখন একটি দলের কর্মী। দল থেকে আমাকে যেভাবে নির্দেশনা দেয়া হবে, আমি সেভাবেই কাজ করব। আজ (বৃহস্পতিবার) সকালে দক্ষিণখানের গাওয়াইরে এক সড়ক উন্নয়ন কাজের অনুষ্ঠানে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এর আগে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা-১৮ আসনের উন্নয়ন নিয়ে ইঙ্গিত দেন মীর স্নিগ্ধ। বক্তব্যে তিনি বলেন, ঢাকা-১৮ আসনে আমাদের যে এলাকাগুলো রয়েছে এই এলাকাগুলোকে সর্বোচ্চ নিরাপদ এবং বাংলাদেশের একটি মডেল এলাকা হিসেবে আমরা তৈরি করব। পুরো বাংলাদেশ ঢাকা-১৮ আসনকে দেখে সবাই যেন গর্বিত হয়। আসন নিয়ে এমন স্পষ্ট বক্তব্যে স্নিগ্ধের নির্বাচনী পরিকল্পনা রয়েছে বলে মনে করছেন অনেকেই।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

খুলনা মহানগরীর ৬৭ শতাংশ ভোটকেন্দ্র ঝুঁকিতে

দর্শনা চেকপোস্ট পরিদর্শন করলেন পুলিশ সুপার গোলাম মওলা

কুমারখালীতে জামায়াতে ইসলামীর আইসিটি ও মিডিয়া প্রশিক্ষণ কর্মশালা

প্রশাসনের পক্ষ থেকে দ্বীপ ইউনিয়ন গাবুরার নির্বাচনী কেন্দ্রসমুহ পরিদর্শন

আরশ খানের ফুসফুস প্রায় শেষের দিকে

শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থা’র উদ্যোগে ১০২ তম ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত

বাংলাদেশের কৃষি খাতে সম্ভাবনা ও সংকট: উন্নয়নের দ্বারপ্রান্তে গ্রামীণ কৃষি

সিলেটের নতুন ডিসি সারওয়ার আলমকে অভ্যর্থনা

শহীদ ওসমান হাদির স্মরণে গোবিপ্রবি শিক্ষার্থীদের গ্রাফিতি অঙ্কন কর্মসূচি

ফরিদপুর জেলা যুবদলের সহসভাপতির নির্দেশে হামলা