স্টাফ রিপোর্টার, শরীয়তপুর:
শরীয়তপুর-৩ আসনের যেসব কৃষক শ্রমিক ও বদলার সংকটের কারণে এখনো তাদের পাকা ধান কাটতে পারেননি, তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু।
এক বার্তায় তিনি বিএনপি ও অঙ্গসংগঠনের সকল নেতা-কর্মীদের প্রতি মানবিক দায়িত্ববোধ থেকে কৃষকদের সহায়তায় এগিয়ে আসার নির্দেশনা প্রদান করেন।
তিনি বলেন, শ্রমিক সংকটের কারণে অনেক কৃষক সময়মতো পাকা ধান কাটতে না পেরে দুশ্চিন্তায় রয়েছেন। এ অবস্থায় স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কৃষকদের ধান কেটে নিরাপদে তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করতে হবে।
মিয়া নুরুদ্দিন আহমেদ অপু আরও বলেন, কৃষকের কষ্ট লাঘব করা, তাদের শ্রমের ফসল রক্ষা করা এবং মুখে হাসি ফোটানোই হওয়া উচিত সকলের সম্মিলিত অঙ্গীকার।
তিনি বলেন, মানুষের পাশে থাকা এবং দুর্দিনে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়াই রাজনীতির মূল শক্তি ও মানবিকতার প্রকৃত পরিচয়।
এই উদ্যোগের মাধ্যমে কৃষকদের পাশে দাঁড়িয়ে সামাজিক দায়িত্ব পালনের জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি তিনি আহ্বান জানান।


















