নিজস্ব প্রতিবেদক│ ২০ ডিসেম্বর
ময়মনসিংহ রেলস্টেশন সংলগ্ন ভাসমান পরিবারগুলোর শিশুদের শিক্ষা, পুনর্বাসন ও শীতবস্ত্র নিশ্চিতের লক্ষ্যে একটি মানবিক প্রকল্প শুরু করেছেন কয়েকজন শিক্ষার্থী। ১৯ ডিসেম্বর তারা সরেজমিনে এলাকাটি পরিদর্শন করে ভাসমান পরিবারের বর্তমান অবস্থা ও প্রয়োজনীয়তা সম্পর্কে ধারণা নেন।
প্রকল্পের উদ্যোক্তা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তীর্থ বলেন, “ভাসমান মানুষেরা আমাদের জানিয়েছেন অতীতে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন তাদের ব্যবহার করেছে। জেলা প্রশাসনের কাছে নিয়ে যাওয়া হলেও শেষ পর্যন্ত তারা কোনো বাস্তব উপকার পাননি। এমনকি শিশুদের উপবৃত্তিও দু-এক মাস পর বন্ধ হয়ে গেছে। প্রায় ৫০ বছর ধরে তারা এখানে বসবাস করছেন। সত্যিকারের সহযোগিতা পেলে তারা উপকৃত হতেন এবং কৃতজ্ঞ থাকতেন।”
প্রকল্পের অন্যান্য সদস্যদের মধ্যে আছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে সাফা, আনন্দ মোহন কলেজ থেকে তাবিব ও অন্যান্যদের মধ্যে তানভীর, তাহমিদ, রাহুল ও শরিফুলসহ আরও অনেকে।
তারা তাবিব বলেন, “দেশজুড়েই তাদের নিয়ে ব্যবসা হয়। অনেকেই নিজেদের স্বার্থে এ মানুষগুলোকে ব্যবহার করে। এবার এসব সিন্ডিকেট ভাঙতে হবে।”
শিক্ষার্থীরা জানান, জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা পাওয়া গেলে ভাসমান পরিবারগুলোর সম্মানজনক পুনর্বাসন সম্ভব। এ ছাড়া তারা ময়মনসিংহবাসীর সহযোগিতাও কামনা করেছেন।



















